1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

এক হাজারের বেশি রুশ সেনার আত্মহত্যা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক//

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এক হাজারের বেশি রুশ সেনা আত্মহত্যা করেছেন বলে রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের এক প্রতিবেদন থেকে জানা যায়। প্রতিবেদনের গোপন তথ্য বিশ্লেষণ করে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকে ২০২৬ সাল পর্যন্ত রুশ সামরিক বাহিনীর অন্তত ১ হাজার ৮৭ জন সদস্যের আত্মহত্যার তথ্য পাওয়া গেছে।

এ ছাড়া ইউক্রেন ও এর আশপাশের এলাকায় আরও ৮৮৫ সেনার আগ্নেয়াস্ত্রের আঘাতে মৃত্যুকে ‘উদ্দেশ্যহীনভাবে সংঘটিত আঘাত’ হিসেবে নথিভুক্ত করা হয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, এসব মৃত্যুর অনেকগুলোই আত্মহত্যার ঘটনা হতে পারে।

তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ২০২২ সালে আত্মহত্যার ঘটনা ছিল ৫০টির বেশি। ২০২৪ সালে তা বেড়ে ২০০ ছাড়ায় এবং ২০২৫ সালে সর্বোচ্চ ৩৬৫টিতে পৌঁছায়। ২০২৬ সালেও এখন পর্যন্ত প্রায় ৩০০টি আত্মহত্যার ঘটনা নথিভুক্ত হয়েছে। তবে চলতি বছরের তথ্য এখনো অসম্পূর্ণ।

প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধক্ষেত্রে প্রাণহানির পাশাপাশি রুশ সেনাদের ওপর সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের চাপ, কঠোর সামরিক শৃঙ্খলা এবং বিপজ্জনক অভিযানে পাঠানোর ভয় তাদের মানসিকভাবে বিপর্যস্ত করে তুলছে। অনেক সেনা চুক্তিবদ্ধ হওয়ার পর কার্যত যুদ্ধ থেকে বেরিয়ে আসার সুযোগও পাচ্ছেন না।

ফরেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক রব লি বলেন, রুশ সামরিক বাহিনীতে সেনাদের যুদ্ধক্ষেত্রে এগিয়ে যেতে বাধ্য করতে ব্যাপক চাপ ও শারীরিক নির্যাতনের আশ্রয় নেওয়া হয়। এ পরিস্থিতিতে কিছু সেনার আত্মহত্যার ঘটনা অস্বাভাবিক নয়।

রুশ সেনাদের পলায়নে সহায়তাকারী সংগঠন ‘ইদিতে লেসম’-এর মুখপাত্র ইভান চুভিলিয়ায়েভের মতে, প্রকৃত আত্মহত্যার সংখ্যা সরকারি পরিসংখ্যানের চেয়ে অনেক বেশি। যুদ্ধক্ষেত্রে আত্মহত্যার অনেক ঘটনাকে যুদ্ধের প্রাণহানি হিসেবে নথিভুক্ত করা হয় বলেও অভিযোগ করেছেন তিনি।

প্রতিবেদনটির তথ্য সংগ্রহ করা হয়েছে ১ কোটি ১০ লাখের বেশি মৃত্যুসনদের একটি গোপন তথ্যভান্ডার থেকে। বেলারুশের বিরোধী গোষ্ঠী সাইবার পার্টিজানস এবং ইউক্রেনীয় হ্যাকার সংগঠন সাইলেন্ট ক্রো এসব তথ্য সংগ্রহ করেছে। রাশিয়ার সরকার সামরিক বাহিনীর আত্মহত্যা কিংবা হতাহতের পূর্ণাঙ্গ পরিসংখ্যান প্রকাশ করে না।

এদিকে, যুদ্ধ থেকে পালিয়ে যাওয়া ও দায়িত্ব পালন করতে অস্বীকৃতি জানানোর ঘটনাও বাড়ছে। স্বাধীন সংবাদমাধ্যম মিডিয়াজোনার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মে মাসের শেষ নাগাদ দায়িত্বে অনুপস্থিতি ও সামরিক দায়িত্ব পালনে অস্বীকৃতির অভিযোগে রুশ সামরিক আদালতগুলোতে ২০ হাজার ৬৬২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সব মিলিয়ে অন্তত ৪৯ হাজার সেনাকে পলাতক বা অনুমতি ছাড়া অনুপস্থিত হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, এসব তথ্য দীর্ঘস্থায়ী যুদ্ধের কারণে রুশ সামরিক বাহিনীর অভ্যন্তরে বাড়তে থাকা মানসিক চাপ, অসন্তোষ ও মনোবলহীনতার চিত্র তুলে ধরছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com