1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

যুক্তরাষ্ট্রসহ চার দেশ ২০৩১ নারী বিশ্বকাপের আয়োজক

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক//

২০০৩ সালের পর আবারও যুক্তরাষ্ট্রে ফিরছে নারী ফুটবল বিশ্বকাপ। তবে এবারের আসর হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড়। প্রথমবারের মতো চারটি দেশ যৌথভাবে আয়োজন করবে এই প্রতিযোগিতা। অংশ নেবে ৪৮টি দল, অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ।

সোমবার ২০৩১ সালের নারী বিশ্বকাপের আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কোস্টারিকা ও জ্যামাইকার নাম ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

নারী বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম চারটি দেশ যৌথভাবে আয়োজক হওয়ার দায়িত্ব পেল। একই সঙ্গে ২০৩৫ সালের নারী বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে যুক্তরাজ্য।

২০০৩ সালে যুক্তরাষ্ট্র নারী দলের হয়ে সুইডেনের বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে গোল করেছিলেন সিন্ডি পারলো কোন। ২৩ বছর পর সেই কোনই এবার জুরিখে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবে। সামনে থেকে দেখছেন, বিশ্বকাপের এই প্রত্যাবর্তন কীভাবে নতুন প্রজন্মের ফুটবলারদের জন্য সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে।

২০৩১ সালের বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে কোন বলেন, ‘২০৩১ সালের ফিফা নারী বিশ্বকাপ উপলক্ষে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কোস্টারিকা ও জ্যামাইকায় বিশ্বের বিভিন্ন দেশের মানুষকে স্বাগত জানাতে পেরে আমরা অত্যন্ত সম্মানিত ও আনন্দিত।’

তিনি আরও বলেন, ‘এটি আমাদের চারটি দেশের জন্য ঐতিহাসিক মুহূর্ত। তবে এই আয়োজনের গুরুত্ব কোনো একটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়। ফিফার সঙ্গে মিলে আমরা ইতিহাসের সবচেয়ে বড় ও প্রভাববিস্তারী নারী বিশ্বকাপ আয়োজন করতে চাই।

এই আয়োজনের সাফল্য কাজে লাগিয়ে সারা বিশ্বে নারী ফুটবলের বিকাশ আরও ত্বরান্বিত করতে চাই। আমাদের লক্ষ্য এমন একটি প্রতিযোগিতা আয়োজন করা, যা লাখো খেলোয়াড়কে অনুপ্রাণিত করার পাশাপাশি তাদের খেলার সুযোগ, নিজেদের বিকশিত করা এবং স্বপ্ন পূরণের পথ তৈরি করবে।’

এর আগে দুবার নারী বিশ্বকাপ আয়োজন করেছে যুক্তরাষ্ট্র। ১৯৯৯ ও ২০০৩ সালে দেশটিতে অনুষ্ঠিত হয়েছিল এই প্রতিযোগিতা। তবে মেক্সিকো, কোস্টারিকা ও জ্যামাইকার জন্য নারী বিশ্বকাপ আয়োজনের অভিজ্ঞতা হবে এবারই প্রথম।

যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশনের প্রধান নির্বাহী ও মহাসচিব জেটি ব্যাটসন বলেন, ‘২০৩১ সালের ফিফা নারী বিশ্বকাপ থেকে পাওয়া গতিকে কাজে লাগিয়ে ফুটবলের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের বড় সুযোগ রয়েছে আমাদের সামনে।

খেলায় অংশগ্রহণের সুযোগ বাড়ানো থেকে শুরু করে আগামী প্রজন্মের খেলোয়াড় তৈরির পথ আরও শক্তিশালী করা—সব ক্ষেত্রেই এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

উত্তর আমেরিকায় পুরুষদের বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার পাঁচ বছর পর এবং লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের তিন বছর পর আয়োজন করা হবে ২০৩১ সালের নারী বিশ্বকাপ।

এই দুটি বড় ক্রীড়া আয়োজনের মাধ্যমে তৈরি হওয়া আগ্রহ ও উদ্দীপনাকে কাজে লাগিয়ে নারী ফুটবলের প্রতি দর্শকদের আকৃষ্ট করতে চায় যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশন।

চার আয়োজক দেশের নাম চূড়ান্ত হলেও এখনো নির্ধারিত হয়নি কোন কোন শহরে বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হবে। যৌথ আয়োজক দেশগুলোর প্রস্তাবে ৩০টিরও বেশি শহরের নাম রয়েছে।

পরিকল্পনা ও প্রস্তুতির কাজ এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আয়োজক শহর ও স্টেডিয়ামগুলোর নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com