1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

যুক্তরাষ্ট্রে ২০২৮ কোপা আমেরিকা

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক//

টানা দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে কোপা আমেরিকা। ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের ঠিক আগে বসবে দক্ষিণ আমেরিকার ফুটবলের সবচেয়ে বড় এই আসর। মঙ্গলবার আয়োজকেরা বিষয়টি নিশ্চিত করেছেন।

দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল এবং উত্তর আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনকাকাফ যৌথভাবে ৪৯তম আসর আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২০২৮ সালের ৯ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতাটি।

এরপর ১৪ থেকে ৩০ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক। তবে পুরুষদের ফুটবলের প্রাক্‌-অলিম্পিক পর্বের গ্রুপ পর্বের ম্যাচ শুরু হবে ১০ জুলাই। অর্থাৎ কোপা আমেরিকার ফাইনালের কয়েক ঘণ্টা পরই শুরু হবে অলিম্পিক ফুটবলের লড়াই।

২০২৮ সালের কোপা আমেরিকায় অংশ নেবে ১৬টি দল। এর মধ্যে দক্ষিণ আমেরিকার ১০টি দেশের পাশাপাশি উত্তর আমেরিকার ছয়টি দেশ সুযোগ পাবে। ২০২৭ সালের কনকাকাফ গোল্ড কাপের মাধ্যমে উত্তর আমেরিকার দেশগুলো প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জন করবে।

এর আগে ২০১৬ সালে কোপা আমেরিকার শতবর্ষপূর্তি উপলক্ষে বিশেষ আসর এবং ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছিল প্রতিযোগিতাটি। ২০২৪ সালের আসরটি ছিল যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত বিশ্বকাপের আগের আয়োজন।

কনমেবল সভাপতি আলেহান্দ্রো দোমিঙ্গেস বলেন, ‘কোপা আমেরিকা শুধু একটি প্রতিযোগিতা নয়; এটি আমাদের পরিচয়, ইতিহাস এবং দক্ষিণ আমেরিকার ফুটবলের গৌরবের অংশ।’

তিনি আরও বলেন, ‘২০২৮ সালে আমরা আবারও যুক্তরাষ্ট্রে সেই আবেগ ছড়িয়ে দেব। কনকাকাফের সঙ্গে আমাদের ঐতিহাসিক অংশীদারত্ব আরও দৃঢ় করার পাশাপাশি পুরো মহাদেশে ফুটবলের বিকাশে যৌথ অঙ্গীকারও পুনর্ব্যক্ত করব।’ তবে এখনো আয়োজক শহর ও প্রতিযোগিতার অন্যান্য বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

কনকাকাফ সভাপতি ভিক্টর মন্তালিয়ানি বলেন, ‘২০২৮ সালে আমাদের অঞ্চলে কনমেবল কোপা আমেরিকা আয়োজনের জন্য আবারও একসঙ্গে কাজ করতে পেরে আমরা আনন্দিত।’

তিনি আরও বলেন, ‘একটি বিশ্বমানের প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে কনমেবল, আয়োজক ভেন্যু এবং সংশ্লিষ্ট অন্যান্য পক্ষের সঙ্গে কাজ করার জন্য আমরা উন্মুখ।’

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com