1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

‘অ্যানি’ আসছে ওটিটিতে

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক//

দীর্ঘ প্রতীক্ষার পর ওটিটি প্ল্যাটফর্মে উন্মুক্ত হচ্ছে ‘রেহানা মরিয়ম নূর’খ্যাত নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদের ওয়েব সিরিজ ‘অ্যানি’। যেখানে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন নাজিফা তুষি। শিগগিরই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন-এ মুক্তি পাচ্ছে এটি।

এই উপলক্ষে গতকাল বুধবার (২৯ জুলাই) চ্যানেল আই কার্যালয়ে অ্যানি’র নির্মাতা ও প্রযোজকদের উপস্থিতিতে একটি চুক্তি সম্পন্ন হয়। এ সময় ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, আবদুল্লাহ মোহাম্মাদ সাদ, প্রযোজক এহসানুল হক বাবু, সহ-প্রযোজক শিহাব নূরুন নবী, তানভীর হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এর আগে, বাংলাদেশের প্রথম কোনো সিরিজ হিসেবে বিশ্বের মর্যাদাপূর্ণ সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যালের ‘ওমেন ইন সিরিজ’ বিভাগে প্রদর্শিত হয় ‘অ্যানি’।

প্রযোজক এহসানুল হক বাবু বলেন, ‘সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল পেরিয়ে এবার আইস্ক্রিনের মাধ্যমে দেশের দর্শকদের কাছেও সিরিজটি পৌঁছে দিতে পারছি, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। আমরা বিশ্বাস করি, দর্শক অ্যানির গল্প, নির্মাণশৈলী ও অভিনয়ে ভিন্ন এক অভিজ্ঞতা উপভোগ করবেন।’

এ সিরিজে নাম ভূমিকায় থাকা নাজিফা তুষির পাশাপাশি আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, সাইমন সাদিক, সারিকা সাবরিন, ফারহানা মিঠু, নাজাহ প্রমুখ।

গত ৯ জুন জার্মানির কোলন শহরে সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যালে ‘অ্যানি’র ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। সেরিয়েনক্যাম্প মূলত ওয়েব সিরিজের জন্য নিবেদিত একটি এক্সক্লুসিভ ফেস্টিভ্যাল।

‘মেট্রোভিডিও’, ‘ক্যাটালগ’, ‘জিরেল’ ও ‘অডেশাস অরিজিনালস’র ব্যানারে সিরিজটি প্রযোজনা করেছেন এহসানুল হক বাবু ও আলি আফজাল উজ্জ্বল। সহ-প্রযোজক হিসেবে রয়েছেন শিহাব নূরুন নবী, তুহিন তামিজুল, তানভীর হোসেন, জোহান চ্যাপেলান, সাইফুল ইসলাম, রায়হান সিকদার এবং নির্বাহী প্রযোজক অপূর্বা বকশি।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com