1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| বুধবার| সকাল ৯:৫৮|

ফিল্মি স্টাইলে ‘অস্ত্রের মুখে’ স্কুলছাত্রকে অপহরণ

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

সংবাদ প্রতিদিন//

গাজীপুরের শ্রীপুরে স্কুল ছুটির পর অষ্টম শ্রেণির এক ছাত্রকে ফিল্মি স্টাইলে ‘অস্ত্রের মুখে’ তুলে নিয়ে গেছে অস্ত্রধারীরা। স্কুলছাত্রকে তুলে নেওয়ার ২২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।

মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের হাজী প্রি ক্যাডেট স্কুলের সামনে এ ঘটনা ঘটে। সন্ধ্যার পরপরই ২২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভুক্তভোগী স্কুলছাত্র মো. ফেরদৌস আহমেদ (১৪) উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে। অভিযুক্ত অস্ত্রধারী মো. কাওসার আহমেদ (৩০) শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের মৃত ইমান আলীর ছেলে। এ ছাড়া এমদাদুল হক, নূরুল হক, মোস্তফাসহ আরও কয়েকজন স্কুলছাত্রকে তুলে নিতে সহযোগিতা করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, সাদা শার্ট পরা এক স্কুলছাত্রকে কয়েকজন যুবক মারতে মারতে নিয়ে যাচ্ছে। স্কুলশিক্ষক রুবেলসহ কয়েকজন শিক্ষার্থী তাকে রক্ষা করতে চেষ্টা করেন। এ সময় টিশার্ট পরা অস্ত্রধারী ক্ষিপ্ত হয়ে স্কুলশিক্ষক রুবেল হোসেনের দিকে পিস্তল তাক করে ভয় দেখায়। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থী তাদের সহপাঠীকে রক্ষা করতে এগিয়ে আসে।

নবম শ্রেণির ছাত্র হৃদয় বলেন, স্কুল ছুটি হওয়ার পরপরই আমরা বাইরে যাই। হঠাৎ কয়েকজন যুবক এসে ফেরদৌসকে ধরে মারতে মারতে নিয়ে যায়। এ সময় আমরা চিৎকার দিলে শিক্ষকরা এগিয়ে আসেন। এরপর আমরা তাকে রক্ষা করতে চেষ্টা করি। হঠাৎ করে একজন রুবেল স্যারের দিকে পিস্তল তাক করে। এরপর সবাই ভয় পেয়ে এদিক সেদিক ছোটাছুটি শুরু করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুন্নাহার বলেন, ঘটনার পরপরই আমরা সবাই ছুটে যাই। কিন্তু অস্ত্র তাক করার পরপরই সবাই ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। তবে কী কারণে তারা স্কুলছাত্রকে তুলে নিল, এ বিষয়ে জানতে পারিনি। স্কুল ছুটি হওয়ার পরপরই স্কুল গেট থেকে তাকে তুলে নেয়। অনেক মারধর করে তাকে। স্বজনদের সহযোগিতায় দুই ঘণ্টা পর অস্ত্রধারীরা ছেড়ে দেয়।

অপহৃত স্কুলছাত্রের মামা নাদিম মাহমুদ বলেন, বিষয়টি জানার পরপরই আমরা সবাই ঘটনাস্থলে ছুটে যাই। তুলে নেওয়ার পর থেকে অস্ত্রধারীর স্বজনদের সঙ্গে যোগাযোগ করলে দুই ঘণ্টা পর ফেরদৌস আহমেদকে আমাদের হাতে তুলে দেয়।

তবে কী কারণে তাকে তুলে নিল সেটি জানতে পারিনি। শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, ঘটনাটি জানার পরপরই অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেপ্তারের পর জানা যাবে পিস্তলটি আসল নাকি নকল।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com