
মিঠু আহম্মেদ বরিশাল//
পবিত্র রমজান মাসের শুরুতেই বরিশালের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা বেড়ে গেছে। একই সঙ্গে বেড়েছে রমজানকেন্দ্রিক সব পণ্যের দাম। বিশেষ করে খেজুর, ফল ও ইফতারসামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির অভিযোগ করেছেন সাধারণ ক্রেতারা।
বাজার করতে গিয়ে হিমশিম খাচ্ছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ। যদিও গত মঙ্গলবার থেকে নগরীতে টিসিবির ট্রাকসেল শুরু হয়েছে। তবে এর প্রভাব খুচরা বাজারে তেমন দেখা যাচ্ছে না।
নগরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, কয়েক দিনের ব্যবধানে বিভিন্ন ধরনের খেজুরে কেজিপ্রতি ৪০ থেকে ১০০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। বর্তমানে জাহিদী খেজুর ৩২০ টাকা, খুরমা ৩৫০ টাকা, নাগাল ৪০০ টাকা, বড়ই ও গাবাজ ৪৮০-৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
কালমি ৭০০-৭৫০ টাকা, সুক্কারি ৮০০ টাকা, মাবরুম ৮৫০ থেকে ১ হাজার ২০০ টাকা, মরিয়ম ১ হাজার ১০০ থেকে ১ হাজার ৪০০ টাকা এবং মেডজুল ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আজওয়া খেজুরের দাম কেজিতে ১ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে।
ফলের বাজারেও একই চিত্র। কালো আঙুর ৬০০-৭০০ টাকা, সাদা আঙুর ৫২০-৫৫০ টাকা, আপেল ৩২০-৩৮০ টাকা, কমলা ও মাল্টা ৩০০-৩৫০ টাকা এবং আনার ৪৫০-৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লেবুর হালি ২০ টাকা থেকে বেড়ে ৫০-৬০ টাকায় উঠেছে।
বরিশাল ফলপট্টি এলাকায় ফল কিনতে আসা শাখাওয়াত হোসেন বলেন, ‘শুনেছি, অন্য দেশে রমজান এলে দাম কমে, কিন্তু আমাদের দেশে উল্টো চিত্র। সামান্য অজুহাত পেলেই দাম বাড়ে।’ শাহানা বেগম নামে আরেক ক্রেতা বলেন, ‘ফলের দামে আগুন। অনেকেই হয়তো ফল ছাড়াই ইফতার করবেন।’