1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ১১:৫৫|

বাংলা গানের প্রকাশনা উৎসব

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৯১ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক//

যুক্তরাজ্যের ঐতিহাসিক হাউজ অব কমেন্সে অনুষ্ঠিত হয়ে গেল উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী ওস্তাদ রাহাত ফতেহ আলী খান ও কণ্ঠশিল্পী রুবাইয়াত জাহানের দ্বৈত বাংলা গান ‘প্রেম পিয়াসা’র প্রকাশনা উৎসব।

অনুষ্ঠানটি আয়োজন করেছেন বৃটিশ পার্লামেন্টের মেম্বার অব পার্লামেন্ট রুথ ক্যাডবেরি (এমপি) এবং জনপ্রিয় সুরকার ও সংগীত পরিচালক রাজা কাশেফ। অনুষ্ঠানে সংগীতে অবদানের স্বীকৃতি হিসেবে ওস্তাদ রাহাত ফতেহ আলী খান এবং তার ছেলে শাহ জামান খানকে সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওস্তাদ রাহাত ফতেহ আলী খান, তার ছেলে শাহ জামান খান, বাংলা গানের যুবরাজ ও বিসিবি পরিচালক আসিফ আকবর, ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার সংগীতশিল্পী ধ্রুব গুহসহ ব্রিটিশ পার্লামেন্টের একাধিক এমপি, হাউজ অব কমন্সের সদস্যবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।

গানটি প্রকাশ করেছে বাংলাদেশের অন‍্যতম অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। ‘প্রেম পিয়াসা’ (Reloaded) গানটির কথা লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার কবির বকুল। সুর ও সংগীত করেছেন রাজা কাশেফ । গানের ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা।

রাজা কাশেফ এবং রুবাইয়াত জাহানকে ধন‍্যবাদ জানিয়ে ওস্তাদ রাহাত ফতেহ আলী খান বলেন, ‘গানের প্রতি তাদের যে একনিষ্ঠ আন্তরিকতা তা আমাকে মুগ্ধ করে।

বাংলা গানের প্রতি আমার আলাদা ভালোবাসা রয়েছে। “প্রেম পিয়াসা” (Reloaded) সেই ভালোবাসারই একটি বহিঃপ্রকাশ। আমাকে এবং আমার ছেলেকে সম্মানিত করায় ব্রিটিশ পার্লামেন্টের সদস্যদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা।’

আসিফ আকবর বলেন, ‘আজকের এই আয়োজনের মধ‍্যদিয়ে বাংলা গান আজ বিশ্বমঞ্চে আরও একধাপ এগিয়ে গেল। এমন একটি আন্তর্জাতিক আয়োজনে যুক্ত থাকতে পেরে আমি গর্বিত। আজকের আয়োজনের মাধ‍্যমে আন্তর্জাতিক পরিসরে বাংলা গানের নতুন মাইলফলক তৈরি হলো।’

গানটির প্রকাশনা প্রতিষ্ঠান (ডিএমএস) এর কর্ণধার সংগীতশিল্পী ধ্রুব গুহ বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকে বাংলা গানকে বিশ্ব দরবারে তুলে ধরার লক্ষ‍্যে কাজ করে যাচ্ছে ধ্রুব মিউজিক স্টেশন।

“প্রেম পিয়াসা” (Reloaded) সেই যাত্রার একটি গুরুত্বপূর্ণ ধাপ। আমরা ভবিষ্যতেও এই ধারা অব‍্যাহত রাখতে চাই । জমকালো এই আয়োজনের মাধ্যমে আবারও প্রমাণ হলো বাংলা গান এখন দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বমঞ্চেও সমানভাবে সমাদৃত। অনুষ্ঠানের আয়োজকদের আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন‍্যবাদ।’

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, তাদের অফিসিয়াল ইউটিউব চ‍্যানেল প্রকাশ পেয়েছে গানটির ভিডিও । সেই সঙ্গে গানটি শুনতে পাওয়া যাচ্ছে দেশি ও আন্তর্জাতিক সব মিউজিক প্ল‍্যাটফর্মে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com