
স্পোর্টস ডেস্ক//
ফিলাডেলফিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে প্রতিপক্ষের মাথা ও ঘাড়ের অংশে হাত দেওয়ার পৃথক ঘটনায় ইন্টার মায়ামির লিওনেল মেসি ও ইয়ান ফ্রেকে জরিমানা করেছে মেজর লিগ সকার কর্তৃপক্ষ। তবে দুজনকেই কত অর্থ জরিমানা করা হয়েছে, তা প্রকাশ করা হয়নি।
বুধবার রাতে ম্যাচের একপর্যায়ে ফিলাডেলফিয়ার কুইন সালিভানের সঙ্গে কথা-কাটাকাটির সময় তার ঘাড়ের পেছনে চড় মারেন মেসি। এই ম্যাচেই বাবা হোর্হে মেসির মৃত্যুর পর নিজের প্রথম গোল করেন আর্জেন্টাইন তারকা। পাশাপাশি একটি গোলেও সহায়তা করেন তিনি।
ফ্রের জরিমানার ঘটনাতেও জড়িয়ে ছিলেন সালিভান। পেনাল্টি এলাকার ভেতরে বল নিয়ে এগিয়ে যাওয়ার সময় পা পিছলে পড়ে যান সালিভান। এ সময় ফ্রের সঙ্গে তার ধাক্কাধাক্কি হয়। এরপর ফ্রে তার ঘাড় ধরে ফেলেন। সালিভান উঠে দাঁড়িয়ে ফ্রেকে ট্যাকল করেন।
ম্যাচের শেষদিকে বলের বাইরে সংঘর্ষে জড়িয়ে পড়ার ঘটনায় মায়ামির ইয়ানিক ব্রাইট এবং কুইন সালিভানের ভাই ক্যাভান সালিভানকে লাল কার্ড দেখানো হয়।
তবে পরে ক্যাভান সালিভানের লাল কার্ড ও এক ম্যাচের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে মেজর লিগ সকার কর্তৃপক্ষ। স্বাধীন পর্যালোচনা কমিটি সর্বসম্মতভাবে শাস্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়।
এদিকে বুধবার আটলান্টা ইউনাইটেডের কাছে ২-১ গোলে হারা ম্যাচের দ্বিতীয়ার্ধে অতিরঞ্জিতভাবে পড়ে যাওয়ার অভিযোগে মিনেসোটা ইউনাইটেডের রক্ষণভাগের খেলোয়াড় অ্যান্থনি মার্কানিচকেও জরিমানা করা হয়েছে।