
শারমিন জাহান//
আমাদের মুক্তিযুদ্ধের গল্প দেশের সীমানা ছাড়িয়ে ভাবনার বিষয় হয়ে উঠেছে বিদেশি নির্মাতাদেরও। বিশেষ করে ভারতীয় সিনেমায় আমরা দেখি মুক্তিযুদ্ধ নিয়ে বেশ কিছু কাজ। তেমনই কিছু সিনেমা নিয়ে সাজানো হলো এ বিশেষ প্রতিবেদন।
বলিউড অ্যাকশন স্পাই থ্রিলার ‘১৬ ডিসেম্বর’ পরিচালনা করেন মনি শঙ্কর। এতে অভিনয় করেন ড্যানি ডেনজংপা, গুলশান গ্রোভার, মিলিন্দ সোমান, দীপান্বিতা শর্মা, সুশান্ত সিং প্রমুখ। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তান বাহিনী পরাজয় বরণ করে নেয় ভারতীয় সেনাবাহিনীর কাছে। আত্মসমর্পণের ঐতিহাসিক ঘটনাকে পটভূমি করে নির্মিত হয়েছে এ সিনেমাটি। সিনেমায় দেখা গেছে একাত্তরে পরাজিত পাকিস্তান সেনাবাহিনীর কিছু সদস্য পরাজয়ের অপমান ভুলতে না পেরে ‘কালাখানজার’ নামের একটি অপরাধী চক্র গড়ে তোলে। ভারতে এ দলটি গোপনে মানি লন্ডারিংসহ নানা অনৈতিক কাজ চালিয়ে যায়।
অমৃত সাগর পরিচালিত বলিউড ওয়ার সিনেমা ‘১৯৭১’-এ পাকিস্তানের কারাগারে বন্দি ছয় ভারতীয় সৈন্যের পালিয়ে ভারতে আসার গল্প বলা হয়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশে লড়তে আসা ছয় ভারতীয় সৈনিক বন্দি হয় পাকিস্তানি বাহিনীর হাতে। ছয় বছর কারাবন্দি থাকার পর ১৯৭৭ সালে জেল পালিয়ে স্বদেশে ফিরে আসেন তারা। এমনই এক চমকপ্রদ গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। রহস্য ও রোমাঞ্চে ভরপুর এ সিনেমাটিকে বলিউডের অন্যতম সেরা ক্লাসিক ছবির স্বীকৃতি দেওয়া হয়েছে। এতে অভিনয় করেছেন মনোজ বাজপায়ি, রবি কিষান, কুমুদ মিশ্র, মানব কউল, দীপক দব্রিয়াল, পিযূষ মিশ্র প্রমুখ। অসাধারণ নির্মাণশৈলী ও চমৎকার অভিনয়ের জন্য সিনেমাটি সমালোচকদের দৃষ্টি কাড়ে। ২০০৭ সালের সেরা সিনেমা হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে ‘১৯৭১’।
অপর্ণা সেন পরিচালিত পশ্চিমবঙ্গের জনপ্রিয় হরর কমেডি ‘গয়নার বাক্স’তে একটি গুরুত্বপূর্ণ অংশ জুড়ে আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। তিন প্রজন্মের তিন নারীর উত্তরাধিকার সূত্রে পাওয়া গহনা নিয়ে তৈরি হওয়া জটিলতার গল্প মজার ছলে উঠে এসেছে এ সিনেমায়। ২৫ মার্চের নির্মম গণহত্যার পর পূর্ববঙ্গ থেকে ভারতে পালিয়ে আসে অসংখ্য শরণার্থী। যুদ্ধের জন্য প্রস্তুতি হিসেবে শুরু হয় মুক্তিবাহিনী গঠন। মুক্তিযুদ্ধের ভয়াবহতা দেখে একজন গহনা দান করে মুক্তিবাহিনীকে সাহায্য করতে। সিনেমায় অত্যন্ত আবেগী ও মর্মস্পর্শীভাবে উঠে এসেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। এ সিনেমায় ভূত রশোমনি ও সোমলতা চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কার জেতেন অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জী ও কঙ্কনা সেন শর্মা।
নবীন পরিচালক মৃত্যুঞ্জয় দেবব্রতর পরিচালনায় প্রথমবারের মতো মুক্তিযুদ্ধের পূর্ণাঙ্গ কাহিনি নিয়ে নির্মিত হয় ভারতীয় হিন্দি সিনেমা ‘যুদ্ধশিশু’ বা ‘চিলড্রেন অব ওয়ার’। প্রথমে এ সিনেমার নাম ‘দ্য বাস্টার্ড চাইল্ড’ রাখা হয়েছিল। তবে সেন্সর বোর্ডে ‘বাস্টার্ড’ শব্দটি নিয়ে আপত্তি ওঠায় পরে নাম পরিবর্তন করেন নির্মাতা। তিনটি ভিন্ন গল্পে এ সিনেমায় যুদ্ধের চিত্র তুলে ধরেছেন পরিচালক। গ্রাম থেকে পালিয়ে আসা দুই ভাই-বোন, এক শহুরে সাংবাদিক ও তার স্ত্রীর বিচ্ছেদ এবং একটি মুক্তিফৌজ ও কিছু গেরিলা যোদ্ধার কাহিনির মধ্য দিয়ে এগিয়ে গেছে ‘চিলড্রেন অব ওয়ার’ সিনেমাটি। চমৎকার দৃশ্যায়ন এবং ঋদ্ধি সেন, রুচা ইনামদার, রুদ্রনীল, রাইমা সেন, পবন মালহোত্রা ও ভিক্টর ব্যানার্জীর অনবদ্য অভিনয় প্রশংসিত হয়েছে এ সিনেমায়।
আলী আব্বাস জাফর পরিচালিত ও যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিত সাড়া জাগানো বলিউড অ্যাকশন থ্রিলার ‘গুন্ডে’কে নিয়ে বাংলাদেশে শুরু হয় তুমুল বিতর্ক। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে পূর্ব বাংলা থেকে ভারতে পালিয়ে আসা দুই এতিম শিশু বিক্রম ও বালার গুন্ডা হয়ে ওঠার গল্প নিয়ে নির্মিত এ সিনেমাটিতে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগ উঠেছিল। রণবীর সিং, অর্জুন কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া, ইরফান খান প্রমুখ অভিনীত এ সিনেমায় ‘ভারত-পাকিস্তানের তৃতীয় যুদ্ধের ফসল বাংলাদেশ’- এমন সংলাপ থাকায় এ নিয়ে প্রতিবাদের ঝড় ওঠে বাংলাদেশে।
১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে ভারত ও পাকিস্তান বাহিনীর নৌ-যুদ্ধ নিয়ে নির্মিত সিনেমা ‘দ্য গাজী অ্যাটাক’। জনপ্রিয় বলিউড পরিচালক করণ জোহরের প্রযোজনা প্রতিষ্ঠান ‘ধর্ম প্রডাকশন’-এর ব্যানারে নির্মিত এ সিনেমায় অভিনয় করেছন রানা দগ্গুবতী, অতুল কুলকার্নি, তাপসী পান্নু, কে কে মেনন প্রমুখ।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ নিয়ে চমৎকার একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মুক্তি’। মনু চোবে পরিচালিত এ ২২ মিনিটের সিনেমায় দেখানো হয়েছে কীভাবে ভারতীয় লেফটেন্যান্ট জেনারেল জে এফ আর জ্যাকবের কারণে পাল্টে গিয়েছিল যুদ্ধের গতিপ্রবাহ। মিলিন্দ সোমান, যশপাল শর্মা অভিনীত এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিকে মুক্তিযুদ্ধের অন্যতম তথ্যসমৃদ্ধ একটি সিনেমা হিসেবে বিবেচনা করা হয়।
ভারতের মাত্র দুজন সামরিক কর্মকর্তার একজন শ্যাম মানেকশ যিনি সর্বোচ্চ সামরিক পদবি ফিল্ড মার্শাল অর্জন করেছেন। তিনি মোট চারটি যুদ্ধে অংশ নিয়েছেন, যার মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধও অন্তর্ভুক্ত ছিল। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তিনি বাংলাদেশ-ভারত যৌথ বাহিনীর প্রধান ছিলেন। এ যুদ্ধে যৌথ বাহিনী জয়ী হয়, পাকিস্তান ৯৩ হাজার সৈন্যসহ আত্মসমর্পণ করে। এ ঘটনা নিয়ে নির্মিত হয়েছে বলিউডের সিনেমা ‘শ্যাম বাহাদুর’। যেটি নির্মাণ করেছেন মেঘনা গুলজার। এতে ফিল্ড মার্শাল শ্যাম মানেকশর চরিত্রে অভিনয় করবেন ভিকি কৌশল। তার স্ত্রী শিল্লু মানেকশর চরিত্রে অভিনয় করেছেন সানিয়া মালহোত্রা। ছবিতে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা গেছে ফাতিমা সানা শেখকে।
২০২৩ সালে মুক্তি পাওয়া ‘পিপ্পা’ সিনেমায় উঠে এসেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘটনা। প্রায় ২ ঘণ্টা ১৫ মিনিটের ছবি পিপ্পা। পরিচালক রাজা মেনন এই ছবির শুরুতেই দর্শককে জানিয়ে দেন, তার ছবিটি ৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধেরই একটি ইতিহাস। গল্পে টেনেছেন ভারত-রাশিয়া সম্পর্ক এবং ভাসমান ট্যাঙ্ক ‘পিটি ৭৬’ যা কিনা ভারতের প্রথম ট্যাঙ্ক। এই ট্যাঙ্ককেই ডাকা হতো ‘পিপ্পা’ নামে, যার নামে সিনেমা। ১৯৭১ সালের সেই লড়াইয়ে মুক্তিযোদ্ধারা পাশে পেয়েছিল ভারতকে। এই সিনেমায় অভিনয় করেছেন ইশান কাট্টার, ম্রুণাল ঠাকুরসহ অনেকে।