1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ৭:৩১|

অবশেষে লালগালিচায় ঐশ্বরিয়া

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক//

বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় ঐশ্বরিয়া রায়ের উপস্থিতি যেন প্রতি বছরই আলাদা এক প্রতীক্ষার নাম। এবারের ৭৯তম কান উৎসবেও তার ব্যতিক্রম হয়নি।

কয়েকদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ফ্রান্সের কান শহরে হাজির হয়ে আবারও আলো নিজের দিকে টেনে নিলেন সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড তারকা ঐশ্বরিয়া রায় বচ্চন।

উৎসবের শুরুর দিকটায় ঐশ্বরিয়ার অনুপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনা চলছিল। অনেকেই ধারণা করেছিলেন, হয়তো এবার কানের লালগালিচা এড়িয়ে যাবেন তিনি।

তবে সমাপনী আয়োজনের ঠিক আগে উপস্থিত হয়ে সেই সব জল্পনাকে ভুল প্রমাণ করেন অভিনেত্রী। কানে এটি ছিল তার ২৪তম উপস্থিতি যা ইতোমধ্যে তাকে উৎসবটির সবচেয়ে পরিচিত আন্তর্জাতিক মুখগুলোর একটিতে পরিণত করেছে।

এবারের রেড কার্পেট লুকের কেন্দ্রে ছিল গাঢ় নীল রঙের ভাস্কর্যধর্মী কুতুর গাউন। ভারতীয় ডিজাইনার অমিত আগরওয়ালের তৈরি ‘লুমিনারা’ নামের এই পোশাকটি আলো, শক্তি ও গতির ধারণা থেকে নির্মিত।

আন্তর্জাতিক ফ্যাশনমাধ্যমগুলোর তথ্যমতে, জটিল কারুকাজ ও ক্রিস্টাল ডিটেইলিংয়ে তৈরি পোশাকটি প্রস্তুত করতে সময় লেগেছে প্রায় ১ হাজার ৫০০ ঘণ্টা। নীল আভা, ধাতব অলংকরণ আর নাটকীয় সিলুয়েট মিলিয়ে পোশাকটি যেন ঐশ্বরিয়ার দীর্ঘদিনের ‘কান ব্যক্তিত্ব’-কেই নতুনভাবে তুলে ধরেছে।

রেড কার্পেটে বরাবরের মতোই ক্যামেরার সামনে ছিলেন আত্মবিশ্বাসী ও স্বতঃস্ফূর্ত। অপেক্ষমাণ আলোকচিত্রীদের ‘নমস্তে’ জানিয়ে শুভেচ্ছা জানান তিনি, কখনও উড়ন্ত চুম্বন, কখনও হাতের ইশারায় ভালোবাসার প্রতিদান দেন ভক্তদের। তার উপস্থিতির মুহূর্তগুলো দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে, যেখানে অনেক অনুরাগী তাকে আবারও ‘কুইন অব কান’ আখ্যা দেন।

ঐশ্বরিয়ার সঙ্গে এবারও ছিলেন মেয়ে আরাধ্যা বচ্চন। দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক অনুষ্ঠানে মায়ের সফরসঙ্গী হিসেবে দেখা যায় তাকে। মা-মেয়ের এই উপস্থিতিও আলাদা করে নজর কাড়ে ফ্যাশন ও শোবিজ মহলে।

দুই দশকের বেশি সময় ধরে কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বরিয়া রায়ের প্রতিটি উপস্থিতি যেমন আলোচনার জন্ম দিয়েছে, তেমনি এবারের নীল আভায় মোড়া প্রত্যাবর্তনও স্মরণীয় হয়ে থাকল উৎসবপ্রেমী ও ফ্যাশন অনুরাগীদের কাছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com