1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| দুপুর ১২:৪৬|

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত হরমুজের কাছে

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক//

হরমুজ প্রণালির কাছে একটি মার্কিন সামরিক অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ঘটনাটি নিশ্চিত করেন।

তবে হেলিকপ্টারটি শত্রুপক্ষের গুলিতে ভূপাতিত হয়েছে নাকি কোনো যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনার শিকার হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। ট্রাম্পও দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। তিনি বলেন, পরবর্তীতে এ বিষয়ে আরও তথ্য প্রকাশ করা হবে।

মঙ্গলবার নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প জানান, হেলিকপ্টারটিতে থাকা দুই পাইলটই নিরাপদে আছেন এবং তারা কোনো ধরনের আঘাত পাননি।

প্রতিবেদন অনুযায়ী, হরমুজ প্রণালিতে ইরানের আরোপিত অবরোধ ভাঙার প্রচেষ্টার অংশ হিসেবে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দীর্ঘদিন ধরে অ্যাপাচি হেলিকপ্টার, যুদ্ধবিমান এবং ড্রোন ব্যবহার করে আসছে। এই সামরিক তৎপরতার লক্ষ্য ছিল গুরুত্বপূর্ণ নৌপথে চলাচল স্বাভাবিক রাখা এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত কর।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়, অ্যাপাচি হেলিকপ্টার সাধারণত নজরদারি ও টহল কার্যক্রমে ব্যবহৃত হয়। তবে সাম্প্রতিক সময়ে সেন্টকমের আক্রমণাত্মক কৌশলের অংশ হিসেবে এসব হেলিকপ্টারকে ইরানের অভ্যন্তরীণ আকাশসীমার কাছাকাছি বা বিভিন্ন অভিযানে ব্যবহারের অভিযোগও রয়েছে।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর এটি প্রথমবারের মতো কোনো মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনা। এর আগে ইরান দাবি করেছিল যে তারা ৩০টি এমকিউ-৯ রিপার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।

এদিকে গত রোববার সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছিল, হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌযান চলাচলের জন্য হুমকি হয়ে ওঠা ইরানের দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। একই সঙ্গে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের যেকোনো আগ্রাসী কর্মকাণ্ড মোকাবিলায় তারা সতর্ক ও প্রস্তুত রয়েছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যে এই ঘটনা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে, হেলিকপ্টার ভূপাতিত হওয়ার প্রকৃত কারণ সামনে এলে অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পাওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com