1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| দুপুর ১২:৪৬|

অভিনেতার অভিযোগ ‘মহানগর ২’ নিয়ে

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক//

আশফাক নিপুন পরিচালিত বহুল আলোচিত ওয়েব সিরিজ ‘মহানগর’। যা দর্শকমহলে তুমুল প্রশংসিত হয়। প্রশংসিত হয় এর অভিনয় শিল্পীরাও। বিশেষ করে ‘ওসি হারুন’ চরিত্রে থাকা মোশাররফ করিম ও মলয় চরিত্রে অভিনয় করা মোস্তাফিজুর নূর ইমরান সবার নজর কাড়ে। দর্শকদের প্রত্যাশা ছিল পরের সিজন মনে ‘মহানগর ২’তেও দেখা যাবে আগের সব গুরুত্বপূর্ণ চরিত্রগুলোকে। কিন্তু সেখানে পাওয়া যায়নি মলয়কে।

দীর্ঘদিনের সেই কৌতুহলের অবসান ঘটিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মোস্তাফিজুর নূর ইমরান। তিনি দাবি করেন, ‘মহানগর’র দ্বিতীয় সিজনেও তার অভিনয় করার কথা ছিল। তবে প্রযোজনা দলের অপেশাদার আচরণ ও কাজের পদ্ধতিতে অসন্তুষ্ট হয়ে শেষ পর্যন্ত প্রজেক্টটি ছেড়ে দিয়েছেন তিনি।

ইমরানের ভাষ্য, ‘“মহানগর ২” আমার করার কথা ছিল। আমিও দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম যে এটা করব। কিন্তু শুরু থেকেই আমি টিমকে বলছিলাম, শুটিংয়ে যাওয়ার আগে আমাকে স্ক্রিপ্ট দিতে হবে। প্রথম সিজনেও আমাকে কোনো স্ক্রিপ্ট দেওয়া হয়নি। কিন্তু দ্বিতীয় সিজনে আমার চরিত্রের গ্রাফ কোথায় যাচ্ছে, সেটা তো জানা জরুরী ছিল।’

অভিযোগ করেন, বারবার স্ক্রিপ্ট চাইলেও সেটি তাকে দেওয়া হয়নি। একইসঙ্গে শুটিংয়ের জন্য বারবার ডেট নেওয়া হলেও তা বাতিল করা হচ্ছিল। অভিনেতার ভাষ্য, ‘আমার কাছ থেকে বারবার শুটিংয়ের ডেট নেওয়া হচ্ছিল, আবার ক্যানসেলও করা হচ্ছিল। ডেট নেওয়ার ধরনটাও ছিল টেলিভিশন নাটকের মতো। বিষয়গুলো আমার ভালো লাগছিল না। আমি সম্মান দিতে পছন্দ করি, যেখানে সম্মান পাই না, সেখানে থাকি না। এটা আমার একেবারেই ব্যক্তিগত বোঝাপড়া নিজের সঙ্গে। আমি এটা বুঝতে পারি।’

সাক্ষাৎকারে মোস্তাফিজুর নূর ইমরান জানান, শুরুতে তার চরিত্রের জন্য ১৫ দিনের শুটিং শিডিউল ধরা হয়েছিল। পরে তা কমে ১০ দিন, ৫ দিন এবং শেষ পর্যন্ত মাত্র ৩ দিনে এনে ঠেকানো হয়। অথচ এত কিছুর পরও তিনি নিজের স্ক্রিপ্ট সম্পর্কে স্পষ্ট কোনো ধারণাই পাননি।

তার কথায়, ‘আমি জানি না কী হচ্ছে, শুধু ফোন আসে আর বলা হয়- “আপনাকে কিন্তু এবার অনেক বাইক চালাতে হবে।” পুরো বিষয়টাই আমার কাছে প্রপার অ্যাপ্রোচ মনে হয়নি।’

ইমরান আরও জানান, ‘মহানগর ২’র জন্য তিনি চুক্তি অনুযায়ী অগ্রিম পারিশ্রমিকও নিয়েছিলেন। কিন্তু শুটিং শুরু হওয়ার মাত্র একদিন আগে তিনি জানতে পারেন যে নির্ধারিত সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে এবং ঢাকার বাইরে শুটিং হবে।

টিমের এমন অপেশাদার আচরণে ক্ষুব্ধ হয়ে অভিনেতা বলেন, ‘আমাকে যদি এতটুকু বেসিক ইনফরমেশন দেওয়ার প্রয়োজনীয়তা কোনো টিম মনে না করে, তাহলে সেই টিমের সঙ্গে কাজ করার প্রয়োজনীয়তা আমিও মনে করি না। সেই মুহূর্তেই আমি কাজটি না করার সিদ্ধান্ত নিই। পরের দিনই অগ্রিম টাকা ফেরত দিয়ে দিই।’

এদিকে, ‘মহানগর ২’-এ তার চরিত্রটি না থাকার বিষয়ে পরিচালক আশফাক নিপুণের দেওয়া পুরোনো একটি ব্যাখ্যাকে সরাসরি প্রশ্নবিদ্ধ ও মিথ্যা বলে দাবি করেন ইমরান। পরিচালকের বক্তব্যকে চ্যালেঞ্জ করে তিনি বলেন, ‘পরে এক সাক্ষাৎকারে পরিচালক বলেছিলেন, গল্পের প্রয়োজনে দ্বিতীয় সিজনে মলয় চরিত্রটি নেই। কিন্তু এটা সত্য নয়। আপনি সত্য বলেন না কেন? আমি শিল্পের চর্চা করব, কিন্তু সততার চর্চা করব না- সেটা হতে পারে না।’

বলা দরকার, ইমরানকে সবশেষ দেখা গেছে কোরবানি ঈদে মুক্তি প্রাপ্ত ‘রইদ’ সিনেমায়। এতে তার বিপরীতি অভিনয় করেছেন নাজিফা তুষি। এছাড়া আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদ।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com