1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের নিয়ে যেতেন জিয়াউল

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

সংবাদ ডেস্ক//

অভিযানের নামে কথিত ‘কিলিং মিশনে’ যাওয়ার সময় পছন্দের কয়েকজন সাংবাদিককে সঙ্গে নিয়ে যেতেন র‌্যাবের সাবেক কর্মকর্তা জিয়াউল আহসান।

এসব সাংবাদিককে অভিযানে নেওয়ার ব্যবস্থা করতেন র‌্যাবের তৎকালীন আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মোহাম্মদ সোহায়েল। অভিযানের পর ঘটনাস্থলে যা দেখানো হতো, সংবাদমাধ্যমে তা-ই প্রকাশিত হতো। এতে আড়ালে থেকে যেত অভিযানের প্রকৃত ঘটনা।

বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মঙ্গলবার সাংবাদিকদের এসব তথ্য জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

তিনি বলেন, ট্রাইব্যুনালে উপস্থাপিত সাক্ষীদের জবানবন্দিতে জিয়াউল আহসানের সঙ্গে কমান্ডার সোহায়েলের সংশ্লিষ্টতা এবং নির্দিষ্ট কিছু সাংবাদিককে বিভিন্ন অভিযানে নিয়ে যাওয়ার বিষয়টি উঠে এসেছে। সাক্ষীদের বক্তব্যে জিয়াউল আহসানের সহযোগী হিসেবে সোহায়েলের ভূমিকার কথাও উল্লেখ করা হয়েছে।

চিফ প্রসিকিউটর বলেন, জিয়াউল আহসানের সঙ্গে তাঁর পছন্দের কয়েকজন সাংবাদিককে বোটে করে চরদোয়ানি কিংবা বিভিন্ন অভিযানে নিয়ে যাওয়া হতো।

পরে তাঁদের সামনে যেভাবে ঘটনা উপস্থাপন করা হতো, সংবাদমাধ্যমে সেভাবেই সংবাদ প্রকাশিত হতো। ফলে অভিযানের প্রকৃত ঘটনা আড়াল হয়ে যেত বলে সাক্ষীদের জবানবন্দিতে উঠে এসেছে।

সাবেক র‌্যাব কর্মকর্তা মেজর (অব.) সাব্বির রহমান ওসমানী ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে জানান, বরিশাল অঞ্চলে র‌্যাবের বিভিন্ন অভিযানে জিয়াউল আহসানের উপস্থিতি ও নেতৃত্ব ছিল।

এসব অভিযানে র‌্যাব সদর দপ্তরের তৎকালীন এডিজি (অপারেশনস) কর্নেল মুজিব, আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মোহাম্মদ সোহায়েল এবং বিভিন্ন গণমাধ্যমের নির্বাচিত সাংবাদিকরা উপস্থিত থাকতেন।

সাক্ষীর ভাষ্য অনুযায়ী, সোহায়েলের আমন্ত্রণে নির্দিষ্ট কয়েকজন সাংবাদিক বরিশালে র‌্যাব-৮-এর অভিযানে অংশ নিতে আসতেন। তাঁদের বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে পৃথক ট্রলারে করে মূল আভিযানিক দলের পেছনে রাখা হতো। গুলিবর্ষণ ও তল্লাশি অভিযান শেষে জিয়াউল আহসান ও সোহায়েল তাঁদের নিয়ে ঘটনাস্থল ঘুরে দেখতেন।

সাব্বির রহমান ওসমানীর দাবি, অভিযানের পর সাংবাদিকদের সামনে যেভাবে ঘটনা উপস্থাপন করা হতো, সংবাদমাধ্যমে সেভাবেই ঘটনার বিবরণ প্রকাশিত হতো।

এর মাধ্যমে কথিত বন্দুকযুদ্ধ বা এনকাউন্টারের একটি নির্দিষ্ট বয়ান জনসমক্ষে তুলে ধরা এবং অভিযানের প্রকৃত ঘটনা আড়াল করার সুযোগ তৈরি হতো।

জবানবন্দিতে সাব্বির রহমান ওসমানী সুন্দরবনকেন্দ্রিক কয়েকটি অভিযানের বর্ণনাও দেন। তাঁর দাবি, কিছু অভিযানে আগে থেকেই আটক ব্যক্তিদের হত্যা করে পরে তাঁদের কথিত বন্দুকযুদ্ধে নিহত হিসেবে দেখানো হতো। এসব অভিযানের আগেই র‌্যাবের গোয়েন্দা দলের সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নিতেন বলেও জানান তিনি।

২০১১ সালের নভেম্বর মাসে নিশানখালীতে পরিচালিত একটি অভিযানের বর্ণনায় সাব্বির রহমান ওসমানী বলেন, গুলিবর্ষণের পর ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধারের যে চিত্র দেখানো হয়েছিল, তার সঙ্গে প্রকৃত ঘটনার অসংগতি ছিল। কয়েকটি মরদেহ আগে থেকেই সেখানে নিয়ে রাখা হয়েছিল বলে তিনি দাবি করেন।’

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com