
ছবুর হোসেন, বরিশাল//
বাবুগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে কৃষক এবং অংশীজনদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।
বরিশালের বাবুগঞ্জে কৃষক এবং অংশীজনদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফর্মেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় বৃহস্পতিবার (১৯ জুন) উপজেলা অডিটোরিয়ামে ওই কংগ্রেস অনুষ্ঠিত হয়। এতে কৃষাণ-কৃষাণী, কৃষি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজ ও বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিসহ কৃষি সেক্টরের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন স্টেক হোল্ডারদের অংশগ্রহণে এক মেলবন্ধন রচিত হয়।
বাবুগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আবদুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপী ওই পার্টনার কংগ্রেসের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আহমেদ। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সৈয়দা ফারহীন তামান্নার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আবদুল করিম চাপরাশি, যুগ্ম-আহবায়ক নজরুল ইসলাম বাদশা, জামায়াত ইসলামীর আমীর মাওলানা রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলনে সভাপতি মাওলানা মোঃ রহমাতুল্লাহ, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি ও সুজন সম্পাদক আরিফ আহমেদ মুন্না, জাহাঙ্গীরনগর ইউপি চেয়ারম্যান কামরুল আহসান হিমু খান, উপজেলা কৃষকদলের সভাপতি আরিফুর রহমান রতন, ইসলামী আন্দোলনের রাজনৈতিক সমন্বয়কারী শেখ নজরুল ইসলাম মাহবুব প্রমুখ।
দিনব্যাপী অনুষ্ঠিত ওই পার্টনার কংগ্রেসে একটি সমন্বিত কৃষি উদ্যোগ ও ব্যবস্থাপনা বিষয়ে মাল্টিমিডিয়া প্রদর্শনী উপস্থাপন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আবদুর রউফ। এতে কৃষকদের মাঝে টেকসই ও আধুনিক কৃষি প্রযুক্তি, কৃষি প্রশিক্ষণ, উদ্যোক্তা সৃষ্টি, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, নিরাপদ খাদ্য, কেমিক্যাল ও পেস্টিসাইডের ব্যবহার কমিয়ে অর্গানিক পদ্ধতির চাষাবাদ, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা, কৃষকের কৃষিপণ্য উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণের সুযোগ সৃষ্টি এবং বাজার ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরে একটি সমন্বিত কৃষি উদ্যোগ বাস্তবায়নের জন্য অংশীজনদের নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আবদুর রউফ বলেন, ‘দেশের সকল মানুষের খাদ্য ও পুষ্টির নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে চাই আমরা। সেজন্য কেমিক্যাল এবং পেস্টিসাইডের ব্যবহার কমিয়ে অর্গানিক পদ্ধতির চাষাবাদে কৃষকদের আগ্রহী করে নতুন কৃষি উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে কাজ করছে কৃষি বিভাগ। কৃষির আধুনিকীকরণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, উন্নত জাত উদ্ভাবন ও সম্প্রসারণ, আধুনিক যান্ত্রিক প্রযুক্তির ব্যবহার, কৃষিপণ্যের বাজারজাতকরণসহ সার্বিক ব্যবস্থাপনার সঙ্গে প্রান্তিক পর্যায়ে কৃষকসহ সংশ্লিষ্ট সকলের মেলবন্ধন সৃষ্টির উদ্দেশ্যেই এই পার্টনার কংগ্রেসের আয়োজন করা হয়েছে।’
প্রধান অতিথির বক্তব্যে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আহমেদ বলেন, ‘বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। তাই কৃষিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের কোনো বিকল্প নেই। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আমাদের উৎপাদিত অনেক কৃষিপণ্য বিদেশে রপ্তানি হচ্ছে। ইতোমধ্যে আমাদের উৎপাদিত ৫৫টি পণ্য জিওগ্রাফিকাল ইন্ডিকেশন (জিআই) পণ্য হিসেবে তালিকাভুক্ত হয়েছে। এরমধ্যে বরিশালের বিখ্যাত আমড়া রয়েছে। কৃষিতে স্বনির্ভরতা অর্জনের জন্য প্রয়োজন সমন্বিত কৃষি উদ্যোগ এবং ব্যবস্থাপনা। এজন্য সকলকে নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখতে হবে। দেশের স্বনির্ভরতা এবং অর্থনৈতিক মুক্তি অর্জনে সবার দায়িত্ব পালনের সুযোগ রয়েছে।’