
সংবাদ ডেস্ক//
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ বিয়ে করেছেন। কনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর নির্বাহী সদস্য জান্নাতুল ফেরদাউস সানজিদা।
একই দিন বিয়ে করেছেন ডাকসুর সহ-সাধারণ (এজিএস) সম্পাদক মহিউদ্দীন খানও। তবে তাঁর জীবনসঙ্গীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার কাঁটাবন মসজিদেফরহাদ ও সানজিদার আকদ সম্পন্ন হয়। পরে পাশের একটি রেস্তোরাঁয় ঘরোয়া পরিবেশে দুই নবদম্পতির বিবাহোত্তর মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
দুই দম্পতি বিয়ের খবরটি নিশ্চিত করেছে চাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব। তিনি বলেন, আজ দুপুরে তাঁদের আক্দ অনুষ্ঠিত হয়েছে।
এরপর তাঁদের পরিবারের পক্ষ থেকে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের নিয়ে ঘরোয়া পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে বলে জানান তিনি।
এছাড়াও ফেসবুকে ডাকসুর কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দীন এক স্ট্যাটাসে এই বিয়ের খবর জানান এবং নবদম্পতিদের জন্য দোয়া ও শুভকামনা জানান।
ডাকসুর জিএস এস এম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।
তাঁর পরিবারের স্থায়ী নিবাস রাঙামাটির লংগদু উপজেলার মাইনী ইউনিয়নের গাথাছড়া গ্রামে।চাকসুর নির্বাহী সদস্য জান্নাতুল ফেরদাউস সানজিদা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষ অর্থাৎ তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষার্থী। তাঁর বাড়ি ফেনী জেলায়।