1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৪:০৬|

২০২৫ সালে সোনার দাম ভরিতে বেড়েছে ৮৮৬৩৫ টাকা

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৭ বার পড়া হয়েছে

সংবাদ ডেস্ক//

আর মাত্র কয়েক ঘণ্টা পরেই বিদায় নিচ্ছে ২০২৫ সাল। বিদায়ের পথে থাকা বছরটিতে দেশের বাজারে সোনার দামে ব্যাপক অস্থিরতা দেখা গেছে। বছরজুড়ে সোনার দাম ব্যাপক ওঠা-নামা করতে দেখা গেছে।

বছরটিতে সোনার দাম ৯০ বার পরিবর্তন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৬৩ বার এবং কমেছে ২৭ বার। এতে এক বছরের মধ্যে এক ভরি সোনার দাম ৮৮ হাজার ৬৩৫ টাকা বা ৬৪ শতাংশ বেড়ে গেছে। সোনার সর্বোচ্চ দামের ক্ষেত্রে হয়েছে একের পর এক রেকর্ড।

দেশের বাজারে সোনার দাম নির্ধারণের দায়িত্ব পালন করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনটির সংশ্লিষ্ট কমিটি সর্বশেষ ২৯ ডিসেম্বর বৈঠক করে সোনার নতুন দাম নির্ধারণ করে, যে দাম ৩০ ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে।

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ২ হাজার ৫০৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ২ হাজার ৩৯২ টাকা কমিয়ে ২ লাখ ১৬ হাজার ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ১ হাজার ৬৮০ টাকা কমিয়ে নতুন দাম ১ লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৭২৩ টাকা।

এটিই দেশের বাজারে সোনার সর্বোচ্চ দাম নয়, দেশের বাজারে ভালো মানের এক ভরি সোনার সর্বোচ্চ দাম ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা। গত ২৯ ডিসেম্বর এই দাম নির্ধারণ করা হয়। এই রেকর্ড দাম নির্ধারণের ২৪ ঘণ্টার ব্যবধানে সোনার দাম কমানো হয়, যা ২০২৫ সালের সর্বশেষ সোনার দাম নির্ধারণ।

চলতি বছর দেশের বাজারে সোনার দাম প্রথম পরিবর্তন করা হয় ১৬ জানুয়ারি। সেদিন ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ১৫৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা।

এরপর আরও ৮৯ বার দাম পরিবর্তনের ঘটনা ঘটেছে। দেশের বাজারে এক বছরে এতোবার সোনার দাম আর পরিবর্তন হয়নি। দেশের বাজারে সর্বোচ্চ সংখ্যক সোনার দাম পরিবর্তন হওয়ার পাশাপাশি ২০২৫ সালে রেকর্ড পরিমাণ দাম বাড়ার ঘটনাও ঘটেছে।

এক বছরেই ভালো মানের এক ভরি সোনার দাম বেড়েছে ৮৮ হাজার ৬৩৫ টাকা। দাম বাড়ার হার ৬৪ দশমিক শূন্য ৯ শতাংশ। দেশের ইতিহাসে এক বছরে সোনার এতো দাম আগে কখনো বাড়েনি।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, ২০০০ সালে ভালো মানের এক ভরি সোনার দাম ছিলো ৬ হাজার ৯০০ টাকা। এরপর কয়েক দফা বেড়ে ২০১০ সালে ৪২ হাজার ১৬৫ টাকায় উঠে।

দেশে এক ভরি সোনার দাম প্রথম ৫০ হাজার টাকা হয় ২০১৮ সালে। ২০২০ সালের জানুয়ারিতে এক ভরি সোনার দাম ৬০ হাজার ৩৬১ টাকায় উঠে।

দেশের বাজারে এক ভরি সোনার দাম প্রথম এক লাখ টাকা হয় ২০২৩ সালের জুলাই মাসে। আর চলতি বছরের ফেব্রুয়ারিতে এক ভরি সোনার দাম প্রথমবার ১ লাখ ৫০ হাজার টাকার মাইলফলক স্পর্শ করে।

এদিকে গত বছরের শুরুতে ভালো মানের এক ভরি সোনার দাম ছিলো ১ লাখ ১১ হাজার ৪১ টাকা। আর বছর শেষে দাঁড়ায় ১ লাখ ৩৮ হাজার ২৮৮ টাকা। এ হিসাবে ২০২৪ সালে সোনার দাম বাড়ে ২৫ শতাংশ।

আর দেশের বাজারে ভালো মানের সোনার দাম প্রথম দুই লাখ টাকা স্পর্শ করে চলতি বছরের ৭ অক্টোবর। এর পর আরও কয়েক দফা সোনার দাম বাড়ানো হয়।

এমনকি বছরের শেষ সময়ে এসে টানা পাঁচবার সোনার দাম বাড়ানো হয়। এতে ভালো মানের এক ভরি সোনার দাম রেকর্ড ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা হয়। যদিও এরপর কিছুটা দাম কমে বছর শেষ হচ্ছে।

চলতি বছর রেকর্ড পরিমাণ দাম বাড়ার কারণে শেষ পাঁচ বছরে দেশে ভালো মানের এক ভরি সোনার দাম বেড়েছে ১ লাখ ৬৬ হাজার ৫৭১ টাকা।

দাম বাড়ার হার ২৭৫ দশমিক ৯৬ শতাংশ। অন্যভাবে বলা যায় পাঁচ বছরের ব্যবধানে সোনার দাম বেড়ে ৩ দশমিক ৭৬ শতাংশ হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com