1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| ভোর ৫:৩৫|

এইচএসসিতে বৃত্তি পাচ্ছেন সাড়ে ১০ হাজার শিক্ষার্থী

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

সংবাদ ডেস্ক//

২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে রাজস্ব খাতভুক্ত মেধা ও সাধারণ বৃত্তির বোর্ডভিত্তিক কোটা বণ্টনের তালিকা প্রকাশ করা হয়েছে। ৯টি শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী মোট মেধাবৃত্তি পাবেন ১ হাজার ১২৫ জন শিক্ষার্থী। আর সাধারণ বৃত্তি পাবেন ৯ হাজার ৩৭৫ জন।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ২০২৫ সালের ২৬ নভেম্বর প্রকাশিত এক অফিস আদেশে এ তালিকা প্রকাশ করা হয়েছে। ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, কুমিল্লা, সিলেট, বরিশাল, যশোর, চট্টগ্রাম ও দিনাজপুর বোর্ডের চেয়ারম্যানদের পাঠানো হয়েছে এ আদেশ।

আদেশে বলা হয়েছে, মেধাবৃত্তির হার মাসিক ৮২৫ টাকা ও এককালীন বার্ষিক অনুদান ১ হাজার ৮০০ টাকা। সাধারণ বৃত্তির হার মাসিক ৩৭৫ টাকা ও এককালীন বার্ষিক অনুদান ৭৫০ টাকা।

বোর্ডভিত্তিক প্রাপ্য মেধাবৃত্তির সংখ্যা: ঢাকা বোর্ডে ৪৬৫, ময়মনসিংহ বোর্ডে ৫০, রাজশাহী বোর্ডে ১৭৯, কুমিল্লা বোর্ডে ৪৯, সিলেট বোর্ডে ২৮, বরিশাল বোর্ডে ৩০, যশোর বোর্ডে ১০৬, চট্টগ্রাম বোর্ডে ১০৮ ও দিনাজপুর বোর্ডে ১১০ জন।

সাধারণ বৃত্তির সংখ্যা: ঢাকা বোর্ডে ৩ হাজার ৩২, ময়মনসিংহ বোর্ডে ৫৫৬, রাজশাহী বোর্ডে ১ হাজার ২৫৫, কুমিল্লা বোর্ডে ৭৪০, সিলেট বোর্ডে ৫৬১, বরিশাল বোর্ডে ৬০০, যশোর বোর্ডে ৮৪০, চট্টগ্রাম বোর্ডে ৮৩৯ ও দিনাজপুর বোর্ডে ৯৫২ জন।

বৃত্তি পেতে জুড়ে দেওয়া হয়েছে কয়েকটি শর্ত। শর্তগুলো হলো:
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বরাদ্দ করা বৃত্তির অর্থ জিটুপি পদ্ধতিতে ইএফটিয়ের মাধ্যমে তাঁদের ব্যাংক হিসাবে পাঠাতে অনলাইন সুবিধাসম্পন্ন তফসিলভুক্ত যেকোনো ব্যাংকে হিসাব খুলে উচ্চ শ্রেণিতে ভর্তির ৭ দিনের মধ্যে ব্যাংক হিসাব নম্বরসহ অন্যান্য তথ্য আবশ্যিকভাবে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে জমা প্রদানের জন্য শিক্ষার্থীদের নির্দেশ দিতে হবে।

আগামী ৪ ডিসেম্বরের মধ্যে বৃত্তির গেজেট প্রকাশ করে হার্ডকপি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকে পাঠাতে হবে এবং শিক্ষার্থীদের রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বরসহ প্রকাশিত গেজেটের তথ্য এক্সএল এবং পিডিএফ ফাইলে ই-মেইলে (dsheboardgazette@gmail.com) পাঠাতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com