1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| দুপুর ২:০৭|

দুই ব্যবসায়ীকে কুপিয়ে ৪ লাখ টাকা ছিনতাই

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

সংবাদ ডেস্ক//

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দিয়ে পিকআপ ভ্যানের পথরোধ করে দুই গরু ব্যবসায়ীকে কুপিয়ে চার লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ডাকাতদল।

আহতরা হলেন- পাঁচ্চর এলাকার রাজন মোল্লা (৬০) ও আলাউদ্দিন দেওয়ান (৬৭)। আহত ওই দুই ব্যবসায়ীকে উদ্ধার করে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) ভোর ৬টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের বন্দরখোলা চৌরাস্তা এলাকার সংযোগ সড়কে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শিবচরের পাঁচ্চর এলাকা থেকে পিকআপভ্যানে করে গরু কিনতে মাদারীপুরের রাজৈরের টেকেরহাট যাচ্ছিলেন দুই ব্যবসায়ী। তারা ভাঙ্গাগামী লেনের বন্দরখোলা চৌরাস্তার কাছে পৌঁছালে সামনে থাকা একটি প্রাইভেটকার তাদের গাড়ির গতিরোধ করে। এসময় পিকআপভ্যানটি থামিয়ে প্রাইভেটকারে থাকা ডাকাতদলের চার সদস্য তাদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে ব্যবসায়ীদের সঙ্গে থাকা চার লাখ টাকা ছিনিয়ে নিয়ে তারা পালিয়ে যায়।

আহত রাজন মোল্লা বলেন, ‘আমরা পিকআপভ্যান নিয়ে টেকেরহাট যাচ্ছিলাম। ঘটনাস্থলে একটি প্রাইভেটকার আমাদের রাস্তায় দাঁড় করানো দেখে ভেবেছিলাম গাড়িটি নষ্ট হয়ে গেছে। কিন্তু বিষয়টি দেখার চেষ্টা করতেই চার ডাকাত আমাদের ওপর হামলা চালায় এবং কুপিয়ে আহত করে টাকা নিয়ে পালিয়ে যায়।’

বিষয়টি নিশ্চিত করে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com