1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ১১:২৮|

নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার না করার পক্ষে বিজিবি

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ১৬৪ বার পড়া হয়েছে

সংবাদ ডেস্ক//

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যথাসম্ভব কম শক্তি প্রয়োগ করে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে চায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মারণাস্ত্র ব্যবহারের সুযোগ থাকলেও একান্ত প্রয়োজন না হলে তা ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন বাহিনীর সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান।

শনিবার সকালে বিজিবির ঢাকা বেইজ ক্যাম্পে এক ব্রিফিংয়ে তিনি জানান, নির্বাচনে ৯টি জেলায় ১৩৪ প্লাটুন বিজিবি কাজ করবে।

নির্বাচন সামনে রেখে মিরপুরের সুইমিং কমপ্লেক্সে অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করেছে বিজিবি। সংবাদ সম্মেলনে জানানো হয়, পরিস্থিতি মোকাবিলায় র‍্যাপিড অ্যাকশন টিম (র‍্যাট), কুইক রেসপন্স টিম ছাড়াও বিজিবির হেলিকপ্টার মোতায়েন থাকবে।

নির্বাচন ঘিরে সারাদেশে ৪২টি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। নির্বাচনের দায়িত্বে দেশের ৯টি জেলা ও ৪টি সিটি করপোরেশনের মোট ৫১টি আসনে ১৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। পাশাপাশি থাকবে বিশেষায়িত ডগ স্কোয়াড।

দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করেই অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ে নির্বাচনের দায়িত্ব পালন করবে বিজিবি।

বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান বলেন, ‘আমাদের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সুরক্ষা নিশ্চিত করেই এই ফোর্স বের করা হয়েছে, তাদের ডেপ্লয় করা হয়েছে।

সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যে পরিমাণ ফোর্স আমাদের মোতায়েন থাকার কথা, বিশেষ করে মিয়ানমার সীমান্ত ও অন্যান্য জায়গায়, সেই পরিমাণ ফোর্স আমাদের মোতায়েন আছে।’

যেকোনো পরিস্থিতিতে ন্যূনতম শক্তি ব্যবহার করেই আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনা হবে এবং সেভাবেই বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

কর্নেল এস এম আবুল এহসান বলেন, ‘পেশাগতভাবে তাদের নির্বাচনসংক্রান্ত আইনশৃঙ্খলা কীভাবে রক্ষা করতে হবে, সে ব্যাপারে পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

আমাদের কাজ হবে অত্যন্ত কম শক্তি ব্যবহার করে স্থিতিশীল পরিস্থিতি তৈরি করা। আমরা আইনশৃঙ্খলা রক্ষা করতে গিয়ে মারণাস্ত্র ব্যবহার না করার পক্ষে।’

নির্বাচনের আগের দিন, নির্বাচনের দিন ও পরের দিন মাঠে দায়িত্ব পালন করবে বিজিবি। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে শতভাগ পেশাদারিত্বের সঙ্গে কাজ করার প্রত্যয় জানিয়েছে বাহিনীটি।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com